শিরোনাম

‘আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তি নিয়োগ দেওয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক
‘আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তি নিয়োগ দেওয়া হবে না’
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, গভর্নর কোনো রাজনৈতিক দলের সদস্য নন। কেউ নির্বাচনি কার্যক্রমে সহায়তা করলেই সে দলীয় সদস্য হয়ে যায় না। প্রধানমন্ত্রী ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে, আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে না।

তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন একটি বড় কর্মযজ্ঞ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। নির্বাচনী কাজে সহায়তা করা মানেই দলীয় পরিচয় বহন করা নয়।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের বীমা শিল্প বর্তমানে একটি কঠিন সময় পার করছে। ব্যবস্থাপনার দুর্বলতা, দুর্নীতি ও পৃষ্ঠপোষকতার কারণে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যারা আইন-কানুন মেনে চলছে না।

সংশোধনী বিলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তিনি বলেন, বয়স সংক্রান্ত সীমাবদ্ধতা আন্তর্জাতিক প্রেক্ষাপটে পুনর্বিবেচনা করা প্রয়োজন। যখন এসব আইন প্রণয়ন করা হয়েছিল, তখন গড় আয়ু ছিল প্রায় ৫৭ বছর। এখন তা বেড়ে প্রায় ৭২ বছরে উন্নীত হয়েছে। বিশ্বের প্রায় সব সফল সিকিউরিটিজ কমিশনে এমন বয়সসীমা নেই।

আমীর খসরু মাহমুদ বলেন, বাংলাদেশ এখন নতুন অর্থনৈতিক বাস্তবতায় প্রবেশ করছে। দক্ষ ও যোগ্য ব্যক্তিদের আকৃষ্ট করতে এ ধরনের নমনীয়তা প্রয়োজন। এখানে আবেগের কোনো স্থান নেই।

/এসবি/