শিরোনাম

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ আটকালো ইসরায়েল

সিটিজেন ডেস্ক
গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ আটকালো ইসরায়েল
ছবি: রয়টার্স

গ্রিসের অদূরে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় গাজাগামী মানবিক সহায়তা বহনকারী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আটকে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আয়োজক সংস্থাটি এই ঘটনাকে জলদস্যুতা ও ইসরায়েলের বিচারহীনতার চরম বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেছে।

১২ এপ্রিল স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করা বহরটিকে ক্রিট দ্বীপের কাছাকাছি এলাকা থেকে বেআইনিভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইসরায়েল। আয়োজকদের দাবি, আন্তর্জাতিক জলসীমায় কোনো দেশেরই একক আধিপত্য বা দখলদারিত্ব চালানোর আইনি অধিকার নেই।

ইসরায়েলের এ পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে জাতিসংঘে নিযুক্ত দেশটির দূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি জানান, জাহাজ বহরটি ইসরায়েলি জলসীমায় পৌঁছানোর আগেই তা রুখে দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি এ বহরের কর্মীদের উস্কানিদাতা হিসেবে বর্ণনা করে বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে তাদের প্রতিহত করেছে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রের ওপর কোনো রাষ্ট্রের নিয়ন্ত্রণ দাবি বা পুলিশি তৎপরতা চালানোর অধিকার না থাকলেও ইসরায়েল ইউরোপের উপকূল পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ বাড়াচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ফ্লোটিলার আয়োজকরা।

এর আগে গত অক্টোবর মাসেও এ একই সংস্থার পক্ষ থেকে ত্রাণ পাঠানোর চেষ্টা করা হয়েছিল, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৫০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে গ্রেপ্তার করেছিল। বর্তমানে গাজা উপত্যকায় ২০ লাখেরও বেশি মানুষের বসবাস এবং এর সবকটি প্রবেশপথ ইসরায়েলের নিয়ন্ত্রণে। ইসরায়েল পর্যাপ্ত ত্রাণ সরবরাহের দাবি করলেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে পরিস্থিতি ভিন্ন। গত অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তিতে ত্রাণের পরিমাণ বাড়ানোর নিশ্চয়তা দেওয়া হলেও বর্তমানে ভূখণ্ডটিতে সরবরাহকৃত সহায়তার পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম।

সূত্র: রয়টার্স

/এমএকে/