শিরোনাম

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে হংকংয়ের জাহাজ

চট্টগ্রাম সংবাদদাতা
২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে হংকংয়ের জাহাজ
জ্বালানি তেলবাহী জাহাজ। ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘চিউ সি’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এপ্রিল মাসে আসা এটি অকটেনের তৃতীয় চালান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বন্দরের বহির্নোঙরে ভিড়েছে জাহাজটি। দুপুর থেকেই তেল খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কতৃপক্ষ।

এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন ও ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল দুটি জাহাজ।

বাংলাদেশে দৈনিক অকটেনের চাহিদা রয়েছে ১,২৫০ টন। সেই হিসাবে এক মাসে আসা ৭৯ হাজার টন অকটেন দিয়ে দুই মাসেরও বেশি সময় জ্বালানির চাহিদা মেটানো যাবে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে আরও পাঁচটি জাহাজ। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে। বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি। তাই চাইলেও সবগুলো জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব নয়। এদিকে আবহাওয়া খারাপ থাকায় কার্গো খালাসে একটু বেগ পেতে হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ৩টার দিকে ভারত থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে হংকংয়ের পতাকাবাহী ‘গ্রান কুভা’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। আর চীন থেকে ১০ হাজার টন ডিজেল নিয়ে রাত ১১টার দিকে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘হাফনিয়া মার্লিন’ এসে পৌঁছায়।

/জেএইচ/