শিরোনাম

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে: ইসি সচিব
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটগ্রহণে থাকবে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স। ব্যালট পেপারে দুটি অংশ– বাঁ পাশে মুড়ি, ডানপাশে ভোট। মুড়ির অংশে সংসদ সদস্যকে ৪টি তথ্য পূরণ করতে হবে। আর ভোটের অংশে প্রার্থীর নাম উল্লেখ করে তার পাশে স্বাক্ষর করে ভোট দিতে হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার, চিফ হুইপ ও বিরোধীদলীয় চিফ হুইপের সঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ে তিনি এক প্রস্তুতিমূলক সভা করেন।

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ চলবে।

ইসি সচিব বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসবেন। তাদের কাছে ব্যালট বাক্স পৌঁছে দেওয়ার পর তারা মনোনীত প্রার্থীকে সই করে তিনটি ব্যালট বাক্সে ভোট দেবেন। ব্যালট বাক্সগুলো স্বচ্ছ হবে।

ইসি সচিবালয় থেকে ব্যালট ছাপানো হবে জানিয়ে তিনি বলেন, ‘ব্যালট পেপারে দুটো অংশ– একটা মুড়ি, আরেকটা হচ্ছে ভোট। মুড়িতে ৪টি তথ্য থাকবে। ব্যালটের ক্রমিক নম্বর, ভোটদাতার নাম, বিভক্তি নম্বর, তারপর একটা খালি জায়গা থাকবে। সেখানে সই করে ব্যালট নিতে হবে।

তিনি বলেন, ব্যালটের ডান পাশের অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম উল্লেখ থাকবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামের পাশে খালি জায়গা থাকবে। সেখানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন সংসদ সদস্যরা।

আখতার আহমেদ জানান, ১৯৯১ সালের পর প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। দীর্ঘবিরতির পর এই নির্বাচন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ নেবে ইসি। ইসি সচিবালয় থেকে ২০ জনের নাম পাঠানো হবে।

তিনি আরও জানান, সংসদ থেকেই সরাসরি সম্প্রচার করা হবে। সংবাদকর্মীদের বসার ব্যবস্থা রাখা হতে পারে।

ভোটের দিন অধিবেশন কক্ষে সিইসি কোথায় বসবেন ও সংসদ সদস্যরা কোথায় বসবেন– জানতে চাইলে ইসি সচিব বলেন, সংসদ সদস্যরা তাদের নির্দিষ্ট আসনে বসবেন। আর সিইসির বসার জায়গা সংসদ সচিবালয় থেকে নির্ধারণ করে দেওয়া হবে।

রাষ্ট্রপতির নির্বাচনে কোনো সংসদ সদস্য বিপক্ষ দলের প্রার্থীকে ভোট দিলে তা ফ্লোর ক্রসিং হবে কি না– জানতে চাইলে ইসি সচিব বলেন, এটা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়, এটা রাজনৈতিক প্রশ্ন। আপনি রাজনৈতিক নেতাদের কাছে এই প্রশ্ন করেন।

গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

/এফসি/