শিরোনাম

চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুন

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকায় মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে সাগরিকা এলাকার বিডি ফুড লিমিটেডের মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানার কোল্ড স্টোরেজ বা ফ্রিজিং ইউনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে ৮টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কোল্ড স্টোরেজের ভেতরে থাকা যন্ত্রপাতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়। তবে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, কোল্ড স্টোরেজের ভেতরে দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল। তবে সময় মতো একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর কারণে আগুন বড় ধরনের দুর্ঘটনায় রূপ নেয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক সংযোগ বা যন্ত্রপাতির ত্রুটির কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।

/এসআর/