শিরোনাম

সড়কে ঝরলো বাবা-ছেলের প্রাণ, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়লো বাস

চট্টগ্রাম সংবাদদাতা
সড়কে ঝরলো বাবা-ছেলের প্রাণ, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়লো বাস
মোটরসাইকেল আরোহী বাবা-ছেলেকে চাপা দেওয়ার পর বাসটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর বাসটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন– মুহাম্মদ শাহজাহান ও তার ছেলে মুহাম্মদ আরিফ। তারা ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিআরটিসির বাসটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। দ্রুতগতির বাসটি পাইন্দংয়ের আমতল এলাকা অতিক্রমের সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়। একই সময়ে একটি অটোরিকশার সঙ্গেও সংঘর্ষ হয় বাসটির। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিআরটিসি বাসটি আগুন ধরিয়ে দেন।

পুলিশ জানিয়েছে, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন বলেন, বাসচালককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/এসআর/