শিরোনাম

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বরিশাল সংবাদদাতা
গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গৌরনদীর কসবা এলাকায় দুর্ঘটনার পর উদ্ধার অভিযান। ছবি: সিটিজেন জার্নাল

বরিশালের গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশাল থেকে ‘টেকেরহাট পরিবহন’ নামের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় বরিশালের দিকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে গৌরনদীর কসবা এলাকায় বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন আহত হন।

তিনি আরও জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। বর্তমানে তা স্বাভাবিক হয়েছে।

/এফসি/