শিরোনাম

১৩৭ বছরে পদার্পণ, উৎসবে মুখর ব্রজমোহন কলেজ

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
১৩৭ বছরে পদার্পণ, উৎসবে মুখর ব্রজমোহন কলেজ
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ১৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘আনন্দ র‌্যালি’ বের করা হয়।

দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ১৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠিত হয় আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ, রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি।

রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম। র‌্যালিতে অংশগ্রহণকারীরা কলেজের গৌরবময় ইতিহাস, সাফল্যের বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। এ সময় কলেজ ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে সরকারি ব্রজমোহন কলেজ দেশের শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা কলেজের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে।

অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, ব্রজমোহন কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি দক্ষিণাঞ্চলের শিক্ষা আন্দোলনের একটি ঐতিহাসিক ভিত্তি। প্রতিষ্ঠার ১৩৭ বছর পূর্তি আমাদের জন্য গর্বের। আগামী দিনেও শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত সরকারি ব্রজমোহন কলেজ দেশের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠান দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষা বিস্তার এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

/এসআর/