শিরোনাম

ক্লিনিকের এসিতে মিললো ৪ ফুটের কালনাগিনী সাপ

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
ক্লিনিকের এসিতে মিললো ৪ ফুটের কালনাগিনী সাপ
উদ্ধারকৃত কালনাগিনী সাপ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

বরিশাল নগরীর একটি বেসরকারি ক্লিনিকের এসির ভেতর থেকে প্রায় চার ফুট লম্বা কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে ক্লিনিক জুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যরা অভিযান চালিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

রবিবার (১৪ জুন) বিকালে নগরীর সাগরদী এলাকায় অবস্থিত ‘বরিশাল মেডিকেল সার্ভিস’ ক্লিনিকে এ ঘটনা ঘটে।

ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, একটি এসি খুলে অন্যত্র স্থানান্তরের জন্য টেকনিশিয়ানরা কাজ শুরু করেন। এ সময় এসির কভার খোলার সঙ্গে সঙ্গেই ভেতরে সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি নিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করা হয়। ৯৯৯-এর পরামর্শে বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র সঙ্গে যোগাযোগ করে ক্লিনিক কর্তৃপক্ষ। খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, দীর্ঘ সময় ধরে সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে প্রায় চার ফুট লম্বা একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপটি প্রাপ্তবয়স্ক হলেও মানুষের জন্য একটি মারাত্মক ক্ষতিকর নয়।

তিনি আরও বলেন, ক্লিনিকের পেছনে ঝোপঝাড় থাকায় সেখান থেকে এসির পাইপ বা দেয়ালের ফাঁকা অংশ দিয়ে সাপটি ভেতরে প্রবেশ করে থাকতে পারে। ক্লিনিকের কয়েকজন কর্মচারী দুটি সাপ দেখার দাবি করলেও উদ্ধার অভিযানে একটি সাপই পাওয়া গেছে। উদ্ধার শেষে সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ক্লিনিকের মালিক ও পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম আবুল হাসান বলেন, এসি খুলতে গিয়ে সাপ দেখতে পাওয়ার পর সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে দ্রুত উদ্ধারকারী দলের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

উল্লেখ্য, সম্প্রতি বরিশাল অঞ্চলে কালনাগিনী সাপ উদ্ধারের ঘটনা বেড়েছে। এর আগে গত ৭ ও ৮ জুন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের বিভিন্ন কক্ষ থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনাতেও উদ্ধার অভিযান পরিচালনা করে ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’ ।

/এফআর/