শিরোনাম

নকল করে কেউ পার পাবে না: শিক্ষামন্ত্রী

বরিশাল সংবাদদাতা
নকল করে কেউ পার পাবে না: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নতুন আইনে ডিজিটাল পদ্ধতিতে নকল প্রতিরোধ করা হবে। পাবলিক পরীক্ষার সংজ্ঞাতেও পরিবর্তন আনা হবে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা নয়, চাকরি ও ব্যাংকসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষাও এই আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে নকল করে কেউ পার পাবে না।

মঙ্গলবার (৭ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। শিগগিরই তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংশোধিত আইনে বড় ধরনের পরিবর্তন আসবে।

তিনি বলেন, বিগত সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁস ও বিক্রির মাধ্যমে অনিয়মের অভিযোগ থাকলেও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়নি। শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকায় শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে ধস নামার পেছনের কারণগুলো খতিয়ে দেখা হবে। বিগত সরকার ২০০টির বেশি প্রকল্প নিয়েছিল। যেগুলোতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

/এসআর/