শিরোনাম

জাবিতে পরিচ্ছন্নতা অভিযান

জাবি সংবাদদাতা
জাবিতে পরিচ্ছন্নতা অভিযান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) উদ্যোগে দুইদিন ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এই কর্মসূচির উদ্বোধন করেন।

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, মুক্তমঞ্চের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো হয়ে থাকে, তার পাশেই একটি ময়লার ভাগাড় আছে। আগে বিশ্ববিদ্যালয়ের ময়লার ভাগাড় ছিল একটি, যেটাকে আমরা রাঙ্গামাটি নামে চিনি। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে ময়লার ভাগাড়ে রয়েছে অসংখ্য জায়গায়। আমরা দেখেছি, জেনারেটর বাজারের পাশে সেখানেও ময়লার ভাগাড় গড়ে উঠেছে। তাই আমাদের সকলের প্রচেষ্টায় এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, এই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখাটা আমাদের জন্য একটি অপরিহার্য বিষয়। এর মাধ্যমে ডেঙ্গু সহ আরও অনেক রকম রোগের প্রাদুর্ভাব থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। বিশ্ববিদ্যালয়ে একটি ডেঙ্গু কন্ট্রোল সেল ছিল। সেটি মাননীয় উপাচার্যকে বলব পুনর্গঠন করার জন্য। জনবল সংকট বিষয়টি বারবার এসেছে। আমাদের যে শূন্য জনবল, শূন্যপদগুলো আছে, আমাদের বিশ্বাস মাননীয় উপাচার্য এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন।

উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, যে বর্জ্য আমাদের দ্বারা তৈরি হয়, বর্জ্যটি যেখানে সেখানে ফেলে দেওয়ার যে অভ্যাস, সেটি যদি কমে যায়, আমরা যদি ডাস্টবিনে সেটি ফেলি, তাহলে পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন, তাদের কষ্ট কমে আসবে এবং ‘জাকসুর’ এই অঙ্গীকার বাস্তবায়ন আরো সহজতর হবে।

উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আব্দুর রব, কীটতত্ত্ববিদ ও মশা গবেষক অধ্যাপক ড. কবিরুল বাশার, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু ও জিএস মাজহারুল ইসলামসহ জাকসুর অন্য নেতারা।

বক্তব্য শেষে উপস্থিত নেতারা ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।

/এসআর/