শিরোনাম

দীর্ঘতম ইন্টারনেট ব্ল্যাকআউটের রেকর্ড ভাঙলো ইরান

সিটিজেন ডেস্ক
দীর্ঘতম ইন্টারনেট ব্ল্যাকআউটের রেকর্ড ভাঙলো ইরান
প্রতীকী ছবি। সংগৃহীত

ইরানে চলমান ইন্টারনেট বিচ্ছিন্নতা বা ব্ল্যাকআউট এখন পর্যন্ত বিশ্বের যেকোনো দেশের ইতিহাসে দীর্ঘতম ইন্টারনেট শাটডাউনের রেকর্ড ছাড়িয়ে গেছে। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট টানা ৩৭তম দিনে পৌঁছেছে। মোট ৮৬৪ ঘণ্টা অতিক্রম করার মধ্য দিয়ে এটি এখন বিশ্বের অন্যান্য ইন্টারনেট শাটডাউনের ঘটনাকে ছাড়িয়ে গেছে।

সংস্থাটি অন্য অনেক দেশের তুলনায় ইরানের পরিস্থিতিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। নেটব্লকস জানিয়েছে, ইরানই প্রথম দেশ যারা প্রথমে বৈশ্বিক সংযোগে যুক্ত ছিল এবং পরবর্তীতে একটি জাতীয় নেটওয়ার্কের মাধ্যমে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর বিপরীতে উত্তর কোরিয়ার মতো দেশগুলো দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন থাকলেও তারা কখনো বৈশ্বিক সংযোগের মূল ধারায় যুক্ত ছিল না।

মূলত ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই দেশটির সরকার সাধারণ নাগরিকদের জন্য ইন্টারনেট অ্যাক্সেস প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। এ নজিরবিহীন ব্ল্যাকআউটের আগে চলতি বছরের জানুয়ারিতে দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভের সময়ও ইরান কয়েক সপ্তাহব্যাপী ইন্টারনেট শাটডাউন কার্যকর করেছিল। বর্তমান পরিস্থিতির ফলে দেশটির সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল তথ্যের অবাধ প্রবাহ নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

সূত্র: সিএনএন

/এমএকে/