শিরোনাম

বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

সিটিজেন ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই ফাইটার্সের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকায় দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চকবাজার মসজিদের সামনে ও আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের দুই কর্মীর মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুজনই সামান্য আহত হন।

এই ঘটনার জেরে রবিবার বিকালে চকবাজার এলাকায় সমাবেশের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সময় ও স্থানে পাল্টা কর্মসূচি দেয় জুলাই ফাইটার্স। ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

/এসএ/