শিরোনাম

আবারও মাইক বিভ্রাটে সংসদ অধিবেশনে ৪০ মিনিট বিরতি

সিটিজেন ডেস্ক
আবারও মাইক বিভ্রাটে সংসদ অধিবেশনে ৪০ মিনিট বিরতি
সংসদ অধিবেশন চলছে। ছবি: সংগৃহীত

মাইক বিভ্রাটের কারণে জাতীয় সংসদে অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়েছে। আজ রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫টা ৫৫ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

সংসদের মাইকের বিভ্রাট দেখা দিলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে দাঁড়িয়ে জানান, মাননীয় স্পিকার, আমাদের মাইকে সমস্যা দেখা দিচ্ছে। আপনার মাইকেও সমস্যা হচ্ছে। এ সময় স্পিকার দৃষ্টি আকর্ষণ করে ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন।

স্পিকার বলেন, মাইক বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন মুলতবি করা হলো। ২০ মিনিট মাগরিবের আজান এবং ২০ মিনিট মাইক ঠিক করার জন্য। যখন মাইক বিভ্রাট দেখা দেয়, তখন সংসদের বক্তব্য চলছিল।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে জানা যায়, সংসদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ৫ প্রকৌশলীর গাফিলতির কারণে এ ঘটনা ঘটে। দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীগণ হলেন, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশ্রাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী (ই/এম-৭) আনোয়ার হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী আসিফুর রহমান এবং উপসহকারী প্রকৌশলী সামসুল ইসলাম।

এতে সাময়িকভাবে মাইক বিভ্রাটের সৃষ্টি হলে অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছিল। পরে বিরতির পর আবারও অধিবেশন শুরু হয়।

/এমএকে/