শিরোনাম

প্রকৌশলী বদরুলের অনিয়ম খুঁজতে ৩ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকৌশলী বদরুলের অনিয়ম খুঁজতে ৩ সদস্যের কমিটি
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বদরুল আলমের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সংস্থাপন) মো. সরওয়ার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, বিসিএস ২১ ব্যাচের (গণপূর্ত ক্যাডার) প্রকৌশলী বদরুল আলম ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেকটা প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। বর্তমানে এ প্রকৌশলী গণপূর্ত (ঢাকা সার্কেল ১) এ তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি গণপূর্ত সাভার সার্কেলে একই পদে দায়িত্ব পালন করেছেন।

নানা অনিয়মের অভিযোগ এনে সংক্ষুব্ধ এক ব্যক্তি বদরুল আলমের নামে গত ২৬ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ করেন। বিষয়টি মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে গেলে তিনি তা তদন্ত করে ব্যবস্থা নিতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় গণপূর্ত অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করে। ৩ সদস্যের এই কমিটির আহ্ববায়ক হলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন) কাজী মো. ফিরোজ হাসান। অন্য দুই সদস্য হলেন– তত্ত্বাবধায়ক প্রকৌশলী সালাহ উদ্দিন আহমদ এবং নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পরিদর্শনসহ সব কিছু খতিয়ে দেখে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এসএ/