শিরোনাম

জাবিকে ‘জিরো ওয়েস্ট-জিরো প্লাস্টিক’র আওতায় আনার পরিকল্পনা

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
জাবিকে ‘জিরো ওয়েস্ট-জিরো প্লাস্টিক’র আওতায় আনার পরিকল্পনা
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) কার্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ‘জিরো ওয়েস্ট’ ও ‘জিরো প্লাস্টিক’ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ক্যাটালিস্ট এনার্জি লিমিটেডের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) কার্যালয়ে এ বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও টেকনোলজি ট্রান্সফার প্রকল্পের এসপিএম অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া ক্যাটালিস্ট এনার্জি লিমিটেডের পরিচালক ও চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. ইফতেখারুল হক, সহপ্রতিষ্ঠাতা ও সিওও মনোয়ারুল ইসলাম এবং নলেজ ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার রোকাইয়া জাহান বন্যা সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ক্যাম্পাসে প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য উৎপাদন নিয়ন্ত্রণ এবং পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব কমিয়ে একটি পরিচ্ছন্ন ও টেকসই শিক্ষাঙ্গন গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় ‘জিরো ওয়েস্ট’ ও ‘জিরো প্লাস্টিক’ কার্যক্রম বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে। এ ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি গ্রহণের পাশাপাশি প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহ দেওয়া এবং পরিবেশবান্ধব কার্যক্রমকে প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জিরো ওয়েস্ট’ ও ‘জিরো প্লাস্টিক’ কার্যক্রম বাস্তবায়নে ক্যাটালিস্ট এনার্জি লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ক্যাম্পাসে বর্জ্য উৎপাদন ও প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় আরও কার্যকর পরিবর্তন আনা সম্ভব হবে। এর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন, টেকসই ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

/এমআর/