শিরোনাম

মহানবীর দর্শন ছিল মানুষকে আলোকিত করা: অধ্যাপক নকীব

গবি সংবাদদাতা
গবি সংবাদদাতা
মহানবীর দর্শন ছিল মানুষকে আলোকিত করা: অধ্যাপক নকীব
আলোচনা সভায় কথা বলছেন অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) দোয়া মহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইনের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি হযরত মোহাম্মদ (সা.)-এর জীবন চরিত্র, ক্ষমাশীলতা, মহানুভবতা, হিলফুল-ফুজুল ও হারবুল ফিজার, বিদায় হজ ও তার অনুসরণীয় দিক সম্পর্কে আলোচনা করেন।

আলোচক ড. নকীব বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে মহানবীকে (সা.) পৃথিবীতে প্রেরণ করেছেন। যার মাঝে সব গুণের সংমিশ্রণ ছিল।​ এক বিধর্মী অধ্যাপক মহানবীতে (সা.) নিয়ে গবেষণা করতে আগ্রহী হয়ে দেখতে পান– তিনি (মহানবী) অসাধারণ সত্যবাদিতা, নেতৃত্বের গুণাবলি সম্পন্ন এবং অসীম মেধা শক্তির সম্পন্ন ছিলেন। রাসূলের জীবনের প্রতিটা অধ্যায় সবার জন্য শিক্ষণীয় এবং অনুসরণীয়।’

তিনি আরও বলেন, ‘মহানবী (সা.)- এর দর্শন ছিলো মানুষকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা। বাংলাদেশের একজন কমিউনিস্ট লেখক বলছিলেন, নবী করিম (সা.) পৃথিবীতে আগমন না ঘটলে আজকের আধুনিক সভ্যতা হাজার বছর পিছিয়ে যেত।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র সংসদের (গকসু) সদস্যরা উপস্থিত ছিলেন।

/এফআর/