শিরোনাম

ইউএনডিপি-ডিইউডিএস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবি ও বুয়েট

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
ইউএনডিপি-ডিইউডিএস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবি ও বুয়েট
হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) আয়োজিত ‘ইউথ ভয়েস ফর সোশ্যাল প্রোটেকশন’ শীর্ষক ইউএনডিপি-ডিইউডিএস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

প্রতিযোগিতায় চমৎকার তার্কিক নৈপুণ্য প্রদর্শন করে এশিয়ান পার্লামেন্টারি (এপি) সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)। অন্যদিকে, ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বুয়েট ডিবেটিং ক্লাব (বুয়েটডিসি)।

শনিবার (২০ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি চূড়ান্ত পর্বের বিজয়ী দলগুলোর নাম ঘোষণা করেন এবং তরুণ বিতার্কিকদের অভিনন্দন জানান।

এর আগে, প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ সময় তিনি নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সমাজ পরিবর্তনে তরুণ প্রজন্মকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। উপাচার্য বলেন, সামাজিক সুরক্ষা নিশ্চিত এবং সামাজিকব্যাধি নির্মূলে তরুণদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য বিতর্কের মতো সহ-শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন উপাচার্য। বিতর্কের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি ও সমস্যাগুলো সুচারুভাবে তুলে ধরার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি তিনি উল্লেখ করেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ইউএনডিপি অন্যতম বৃহৎ সহযোগী সংস্থা এবং তাদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. এস এম শামীম রেজা, ডিইউডিএস-এর সভাপতি জুবায়ের হোসেন শাহেদ এবং সাধারণ সম্পাদক রাগীম আনজুমসহ নানা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বিতার্কিকগণ।

/এমআর/