শিরোনাম

দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশের ৪ জেলায় বন্যার আশঙ্কা
বাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকছে পানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভারী ও অতি ভারী বর্ষণের কারণে আগামী ৭২ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলের চার জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (২০ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েকদিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের উজান এলাকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদীগুলোর পানি আগামী পাঁচ দিনে ধীরে ধীরে বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নিচে অবস্থান করবে। একইভাবে গঙ্গা-পদ্মা নদীর পানিও প্রথম দিকে স্থিতিশীল থাকলেও পরবর্তী সময়ে বাড়তে পারে। এদিকে, উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি ইতোমধ্যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ফলে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

সংস্থাটি জানিয়েছে, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী কয়েকদিন আরও বাড়তে পারে। এর ফলে দুই জেলার নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে নদীগুলোর পানি সতর্কসীমার কাছাকাছি বা তার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর জেলার সোমেশ্বরী, ভুগাই, জিঞ্জিরাম ও কংস নদীর পানিও বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে এসব জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও অস্থায়ী প্লাবনের ঝুঁকি তৈরি হতে পারে।

এ ছাড়া সিলেট বিভাগের সারিগোয়াইন, খোয়াই, যাদুকাটা, মনু ও ধলাই নদী এবং চট্টগ্রাম বিভাগের মুহুরী, সাঙ্গু, ফেনী, গোমতী, হালদা ও মাতামুহুরী নদীর পানিও আগামী কয়েকদিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

/এসবি/