শিরোনাম

কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্য সচিব বাশার

কুবি সংবাদদাতা
কুবি সংবাদদাতা
কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্য সচিব বাশার
আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ এবং সদস্য সচিব আবুল বাশার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ১২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসাবে ২০০৮–০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভ এবং সদস্য সচিব হিসাবে ২০১২–১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল বাশারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

১৮ জুন (বৃহস্পতিবার) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন আতিকুর রহমান। এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশরাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মোঃ সাইদুল ইসলাম শাওন।

নবগঠিত কমিটির সদস্য সচিব আবুল বাশার বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি৷ আমাকে সদস্য সচিব হিসাবে দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি মনিরুল হক চৌধুরীসহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই, সদস্য সচিব নাছির উদ্দীন নাছির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করে। সামনেও শিক্ষার্থীদের উপকার হয় এমন কাজই করবে। আমি আগেও শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, সামনেও শিক্ষার্থীদের নিয়ে, শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের উপকারে আসে এমন কাজ করবো।

আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা এই কমিটি উপহার পেয়েছি। কেন্দ্রীয় ছাত্রদলকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে যিনি আমাদের উপর আস্থা রেখেছেন এবং এই সুন্দর একটি কমিটি উপহার দিয়েছেন। আমার বিশ্বাস যারা এখানে দায়িত্ব পেয়েছে সবাই দলের দুঃসময়ের কাণ্ডারি এবং পরীক্ষিত সৈনিক।

তিনি বলেন, সামনের দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, সাংবাদিক, শিক্ষক সবাইকে ঐক্যবদ্ধভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং ১ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

/এমআর/