শিরোনাম

রাজশাহীতে দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
রাজশাহীতে দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট
দুর্ধর্ষ এই চুরির খবরে কারুশ্রী জুয়েলার্সের সামনে উৎসুক জনতার ভিড়।

রাজশাহীতে একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকান মালিকের দাবি, দুর্বৃত্তরা পাশের দোকানের দেয়াল কেটে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি রুপা (চাঁদি) এবং নগদ ২৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীর সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার (২০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বাজুসের রাজশাহী জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু।

এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় ‘কারুশ্রী জুয়েলার্স’ নামের একটি দোকানে ওই চুরির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সাহেববাজার এলাকার আবাসিক স্বর্ণা হোটেলের নিচতলায় ‘আফিয়া জুয়েলার্স’ ও ‘কারুশ্রী জুয়েলার্স’ নামে দুটি জুয়েলারি দোকান পাশাপাশি অবস্থিত। দুর্বৃত্তরা প্রথমে আফিয়া জুয়েলার্সের শোরুমের তালা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর দুটি শোরুমের মাঝখানের লাগোয়া দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সের ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে দোকানের সিন্দুক ও শোকেসে থাকা সমস্ত স্বর্ণালংকার, রুপা এবং নগদ টাকা লুট করে দুর্বৃত্তরা। তবে ওই সময় পাশের আফিয়া জুয়েলার্সে কোনো মালামাল ছিল না বলেও জানা গেছে।

চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সিআইডি ও ফরেনসিক দলের সদস্যরা। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন।

কারুশ্রী জুয়েলার্সের মালিক তূর্য সরকার জানান, দোকান থেকে আনুমানিক ২০০ ভরি স্বর্ণ, ১২০০ ভরি রুপা এবং নগদ ২৫ লাখ টাকা চুরি হয়েছে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ফরেনসিক আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে, এমন দুর্ধর্ষ চুরির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতৃবৃন্দ।

বাজুস নেতা মো. আশরাফুল ইসলাম অপু বলেন, এই বিপুল পরিমাণ মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা না হওয়া পর্যন্ত রাজশাহীর সব জুয়েলার্স দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

/এফআর/