শিরোনাম

শত যন্ত্রণা বুকে নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
শত যন্ত্রণা বুকে নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

শত যন্ত্রণা বুকে নিয়ে নির্বাচনের ফলাফলকে আমরা মেনে নিয়েছি। দেশে একটা গৃহযুদ্ধ শুরু না হোক, সেই জন্য আমরা মেনে নিয়েছিলাম। আমরা কারও বাপ-দাদার চোখ রাঙানোকে পরোয়া করব না বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, দেশকে একটি নতুন ও অনিবার্য পরিবর্তনের জন্য প্রস্তুতি নিতে হবে। আগামীর এই আন্দোলন কোনো রাজনৈতিক দল, পরিবার বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নয়; বরং স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মর্যাদা, শক্তি ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হবে।

তিনি বলেন, পুশইনের নামে একটি দেশ তাদের নাগরিকদের বেআইনিভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে। এ সময় সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবির পাশে সাধারণ জনগণও অবস্থান নিয়েছে। বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণ প্রতিবেশী সম্পর্ক চাইলেও দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

রাজনৈতিক প্রসঙ্গে জামায়াত আমির বিএনপির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, দলটি জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি। বিএনপিকে তাদের অবস্থান পুনর্বিবেচনা করে জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অতীতে জাতীয় স্বার্থে এবং সংঘাত এড়াতে তারা বিভিন্ন নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি নেতাকর্মীদের যেকোনো ত্যাগ স্বীকারের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সমাবেশে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ বক্তব্য দেন।

/এসবি/