শিরোনাম

দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
দেশের ৫ জেলায় বন্যার পূর্বাভাস
নেত্রকোনার সোমেশ্বরী নদী। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে মুষল ধারে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির কারণে দেশের পাঁচ জেলায় বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পানি উন্নয়ন বোর্ডের এ সংস্থার তথ্য অনুযায়ী, পাঁচ জেলার মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার ও ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় বন্যা শুরু হয়ে গেছে। নদ-নদীর পানি বাড়ায় বাকি তিন জেলায় বন্যা হতে পারে । বৃষ্টি আরও পাঁচ দিন থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে। অতিভারী বৃষ্টির কারণেই এই অবস্থা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে, ১৬১ মিলিমিটার। এ ছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার ও ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, বৃষ্টি যে কোনো এলাকায় একটানা হবে তা নয়। থেমে থেমে বিভিন্ন এলাকায় হতে পারে। বৃষ্টি চলতে পারে আগামী ৪ মে পর্যন্ত।

দেশের চার নদী ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র। এর মধ্যে মনু বাদে বাকি তিন নদীই নেত্রকোনা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এ ছাড়া সুরমা, কুশিয়ারা নদীর পানিও এক থেকে দেড় মিটারের বেশি বেড়েছে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া।

/এসআর/