শিরোনাম

মানুষের দুর্ভোগ লাঘবই সরকারের অগ্রাধিকার: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মানুষের দুর্ভোগ লাঘবই সরকারের অগ্রাধিকার: সড়কমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ছবি: ভিডিও থেকে নেওয়া

মানুষের দুর্ভোগ লাঘবই বর্তমান সরকারের অগ্রাধিকার। এরই ধারাবাহিকতায় খুব শিগগিরই কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের উন্নয়ন কাজেও দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৯ এপ্রিল) সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের জরুরি জন-গুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ কথা বলেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কটিকে চার লেনে উন্নীত করার বৃহৎ প্রকল্পটি আপাতত বৈদেশিক অর্থায়নের বাইরে চলে গেলেও সরকার বিকল্প অর্থায়নের পথ খুঁজছে। একই সঙ্গে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার ও উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। যাতে যোগাযোগ ব্যবস্থায় দ্রুত উন্নত করা যায়।

তিনি বলেন, ৮২ দশমিক ৬৮ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাইল পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার ইতোমধ্যে চার লেনে উন্নীতকরণের আওতায় এসেছে। এখানে ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন রাখা হচ্ছে। যা সড়ক নিরাপত্তা বাড়াবে।

শেখ রবিউল আলম বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অংশ হিসেবে চিহ্নিত দেবিদ্বার, কংশনগর ও ভিংলাবাড়ী এলাকায় মোট ৮০৪ মিটার রিজিড পেভমেন্ট নির্মাণ কাজ চলছে। পাশাপাশি পিরিয়ডিক মেইনটেন্যান্স কর্মসূচির আওতায় ময়নামতি, ফুলগাছতলা, কোম্পানিগঞ্জ, কাঠেরপুল ও কুটিচৌমুহনীসহ বিভিন্ন স্থানে আরোও ১ হাজার ৮৪৫ মিটার সড়ক প্রশস্ত ও টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে।যার দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে এবং মহাসড়কের চূড়ান্ত নকশা প্রস্তুতের কাজ চলছে। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের মধ্যে সড়ক যোগাযোগ আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল হবে।

/এসবি/