শিরোনাম

মেসি কি আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে খেলবেন

সিটিজেন স্পোর্টস ডেস্ক
মেসি কি আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে খেলবেন
অনুশীলনে আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলনে মেসি

পেশির চোট থেকে দ্রুতই সেরে উঠছেন লিওনেল মেসি। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচগুলোয় তাকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

মেজর লিগ সকারে (এমএলস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ ব্যবধানে জয়ের ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন মেসি।

আর্জেন্টিনা বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বাংলাদেশ সময় রবিবার (৭ জনু) সকাল ৬টায় প্রীতি ম্যাচে হন্ডুরাস এবং বুধবার সকাল সাড়ে ৬টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

তার আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে ইতিমধ্যেই দলের সঙ্গে অনুশীলন সেশনে অংশ নিয়েছে, যা আমাদের জন্য বেশ ইতিবাচক। সে এখন আর আলাদাভাবে অনুশীলন করছে না।’

মেসির ফেরার ব্যাপারে আশাবাদী এই কোচ। স্কালোনি বলেন, ‘ওর চোটের অনেক উন্নতি হয়েছে এবং প্রস্তুতি ম্যাচগুলোর একটিতে লিও অল্প সময়ের জন্য মাঠেও নামতে পারে। সেটা এই ম্যাচে নাকি পরের ম্যাচে হবে, তা আমরা দেখব। তবে ও এখন অনেক ভালো আছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে।’

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত।

/টিই/