শিরোনাম

১৫ বছর বয়সেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী

সিটিজেন স্পোর্টস ডেস্ক
১৫ বছর বয়সেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী
জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় বৈভব সূর্যবংশী

গুঞ্জনই সত্যি হলো। ২০২৩ সালে ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলা শ্রেয়াস আইয়ার এখন ভারতের নতুন অধিনায়ক। ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার শুধু অধিনায়কত্বই হারাননি, বাদ পড়েছেন দল থেকেও।

শনিবার (৬ জুন) আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন ১৫ বছরের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী।

২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর ১ থেকে ১১ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের সিরিজ।

আয়ারল্যান্ড বা ইংল্যান্ড সফরে অভিষেক হলেই ১৬ বছর পূর্ণ হওয়ার আগে আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়বেন সূর্যবংশী। কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়েছিল যথাক্রমে ১৬ বছর ২০৫ দিন ও ১৬ বছর ২৩৮ দিন বয়সে।

দুই সফরে না থাকলেও এশিয়ান গেমসের দলে থাকছেন জাসপ্রীত বুমরা। দুই সফরের দল থেকে এশিয়ান গেমসের দলে আছে দুটি পরিবর্তন। মোহাম্মদ সিরাজের জায়গায় খেলবেন বুমরা। আর প্রিন্স যাদব বাদ পড়বেন।

আয়ারল‍্যান্ড ও ইংল‍্যান্ড সিরিজের ভারত টি-টোয়েন্টি দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আভিষেক শর্মা, সঞ্জু স‍্যামসন, ইশান কিষান, শিভম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নিতিশ কুমার রেড্ডি, আকসার প‍্যাটেল, ওয়াশিংটন সুন্দার, ভরুণ চক্রবর্তি, রবি বিষ্ণই, মোহাম্মদ সিরাজ, হার্শিত রানা, আর্শদিপ সিং, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।

/টিই/