শিরোনাম

সাফ ফাইনালে প্রথমার্ধে সমতা

নিজস্ব প্রতিবেদক
সাফ ফাইনালে প্রথমার্ধে সমতা
ভারত-বাংলাদেশ ম্যাচ

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শনিবার (৬ জুন) নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়।

বাংলাদেশের লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা জয়। সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে একাদশে ফেরেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।

ম্যাচের প্রথম পাঁচ মিনিটে একটাই শট হয়েছে, সেটা নেন ভারতের সানফিদা ননগ্রুম। তবে সেটি পোস্টের ওপর দিয়ে যায়। ১২ মিনিটে প্রথম গোলের সুযোগ হারায় বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণা বল বাড়িয়েছিলেন গোলমুখে। খুব কাছাকাছি থাকলেও পা ছোঁয়াতে পারেননি শামসুন্নাহার।

দুই মিনিট পর তহুরা বক্সের সামনে বল পাওয়ার পর ভারতীয় গোলকিপারকে প্রায় একা পেয়ে গিয়েছিলেন। তবে জুলি কিশান এসে তাকে শেষ শট নিতে দেননি। ১৬ মিনিটে ভালো সুযোগ পেয়ে গোল করতে পারেনি ভারতও।

গরমের কারণে ৩০ মিনিট পর ছিল পানি পানের বিরতি। বিরতির পর ভারত আক্রমণে ওঠার চেষ্টা করে। তারই ধারায় ৩৮ মিনিটে মনিষার শট ঝাপিয়ে রুখে দেন বাংলাদেশের গোলকিপার মিলি।

৪১ মিনিটে শামসুন্নাহার ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকেছিলে কিন্তু কাজের কাজ হয়নি। পরের মিনিটে পাল্টা আক্রমণেই গোল পায় ভারত। পেয়ারি বলে শট মারতে গেলে এক ডিফেন্ডার সামনে বাধা হন। তবে পেয়ারির শটে বল উপরে উঠে যায়। বলের ফ্লাইট মিস করেন গোলকিপার মিলি। বল ঢোকে জালে।

৪৪ মিনিটে ডি বক্সের অনেকটা বাইরে থেকে দুর্দান্ত শট নেন আনিকা। তার শট ঝাপিয়ে রুখে দেন ভারতের গোলকিপার। প্রথমার্ধের যোগকরা সময়ে গোল শোধ করে বাংলাদেশ। আনিকার থেকে বল পেয়ে তহুরা থ্রু পাস দেন ঋতুপর্ণা চাকমাকে। বাঁ-প্রান্ত দিয়ে বক্সে ঢুকে কোনাকোনি শটে গোল করেন ঋতুপর্ণা। এবারের সাফ টুর্নামেন্টে প্রথম গোল হজম করলো ভারত।

/টিই/