শিরোনাম

১১ জুন সংসদে বাজেট পেশ করা হবে: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক
 ১১ জুন সংসদে বাজেট পেশ করা হবে: চিফ হুইপ
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি: বাসস

আগামী ১১ জুন জাতীয় সংসদে দেশের পরবর্তী অর্থবছরের বাজেট পেশ করা হবে এবং আগামী ৩০ জুনের মধ্যে তা পাস করা হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শনিবার (৬ জুন) সন্ধ্যায় সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। চিফ হুইপ আরও উল্লেখ করেন, আগামী ১৫ জুন বিকেলে সম্পূরক বাজেট পাস হবে এবং ১৬ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়ে সকাল-বিকাল দুই সেশনেই সংসদ অধিবেশন চলতে পারে। ৩০ জুনের মধ্যে বাজেট পাস করে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর রাত ১২টার আগেই তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার ৩০ লাখ কোটি টাকার বিশাল ঘাটতি নিয়ে যাত্রা শুরু করলেও আন্তরিকতা ও দুর্নীতিমুক্ত নীতির কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমলাতন্ত্রের কারণে প্রায়ই উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যবস্থা থেকে মানুষকে মুক্ত করে যেন সবাই নির্বিঘ্নে কাজ করতে পারে সেই চেষ্টা চলছে। এছাড়া সংসদীয় দলের সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের বিগত ১২০ দিনের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। সভায় প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে 'মিড-ডে মিল' চালু করার এবং শিক্ষার্থীদের প্রকৃত কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে নতুন কারিকুলাম প্রণয়নের নির্দেশনা দিয়েছেন।

স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে। নূরুল ইসলাম মনি জানান, দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকিৎসাসেবা সম্প্রসারণে চীনের সঙ্গে এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের ৫টি চুক্তি সই হয়েছে। এর মধ্যে অন্তত একটি হাসপাতাল সম্পূর্ণভাবে নারী ও শিশুদের জন্য ডেডিকেটেড থাকবে। পাশাপাশি গণমানুষের কল্যাণ নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল আমদানিতে সরকার এক লাখ কোটি টাকা ভর্তুকি দেবে বলে তিনি উল্লেখ করেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দূরদর্শী নেতৃত্ব ও কূটনৈতিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টিও সভায় প্রশংসিত হয়।

সংবিধান সংশোধন প্রসঙ্গে নূরুল ইসলাম মনি জানান, যুগের চাহিদা পূরণ এবং জনকল্যাণে সংবিধানকে আরও যুগোপযোগী করতে একটি সংসদীয় কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। সংবিধান সংশোধন ছাড়া জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয় বিধায় প্রধান বিরোধী দলও এ কমিটিতে নাম দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। সবশেষে মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, সংসদীয় সরকার ব্যবস্থায় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং তিনি সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

/এমএকে/