শিরোনাম

কুমিল্লায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাস।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন। শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার রতনপুর এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই অটোরিকশার যাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি অটোরিকশা যাত্রী নিয়ে যাওয়ার পথে শাহ আলী নামক একটি বাস সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে হাইওয়ে পুলিশ। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওসমান গনী জানান, নিহতদের পরিচয় শনাক্তের চলছে। তবে স্থানীয়দের ধারণা, নিহতরা দিনমজুর এবং তাদের বাড়ি রংপুর অঞ্চলে। কাজের উদ্দেশে তারা হয়তো এই এলাকায় এসেছিলেন।’

/এফআর/