শিরোনাম

১২ জেলায় বজ্রপাতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ জেলায় বজ্রপাতের আশঙ্কা
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীসহ দেশের ১২ জেলার কিছু কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস)।

এতে বলা হয়েছে, বগুড়া, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সাতক্ষীরা, দিনাজপুর, গাজীপুর, খুলনা, পঞ্চগড় ও ঢাকা জেলার কিছু স্থানে সন্ধ্যা ৭টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বজ্রধ্বনি শোনা গেলে ঘরের বাইরে না যাওয়ার পাশাপাশি খোলা জায়গায় অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, জুন মাসের জন্য দেওয়া এক দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে। এ মাসের প্রথমার্ধে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষাকাল) বিস্তার লাভ করতে পারে। দেশে ৫-৭ দিন হালকা থেকে মাঝারি ধরণের বজ্রঝড় হতে পারে।

এতে বলা হয়েছে, চলতি মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ মাসে দেশে ২ থেকে ৩টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ সেলসিয়াস) ধরণের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। জুন মাসে দেশের প্রধান নদ-নদীসমূহের স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীসমূহের পানি সমতল সময় বৃদ্ধি পেতে পারে। চলতি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬ থেকে ৮ ঘন্টা থাকতে পারে।

/এসবি/