শিরোনাম

মে মাসে সড়কে ঝরেছে ৬১৩ প্রাণ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
মে মাসে সড়কে ঝরেছে ৬১৩ প্রাণ
ছবি: সিটিজেন গ্রাফিক্স

যত দিন যাচ্ছে, ততই ভয়াবহ আকার ধারণ করছে সড়ক দুর্ঘটনা। গত মে মাসে দেশে ৬১৩টি সড়ক দুর্ঘটনায় মোট ৬২২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১ হাজার ৬৫২ জন। একই সময়ে রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। আর নৌপথে ২১টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৫ জন আহত। এছাড়া ৭ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মে মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে। ঢাকা বিভাগে ১৮০টি সড়ক দুর্ঘটনায় ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছেন। অন্যদিকে ময়মনসিংহ বিভাগে ২৭টি দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসে সড়ক, রেল ও নৌপথে মোট ৬৭৬টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১ হাজার ৬৯৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেল। মাসজুড়ে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত ও ২১৯ জন আহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনায় জড়িত ৯৭৫টি যানবাহনের মধ্যে ২৮ দশমিক ৬৯ শতাংশই মোটরসাইকেল। এছাড়া ২৩ দশমিক ১০ শতাংশ ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও লরি, ১৪ দশমিক ৪৫ শতাংশ বাস রয়েছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৪২ দশমিক ০৮ শতাংশ মুখোমুখি সংঘর্ষ এবং ৩২ দশমিক ৩০ শতাংশ গাড়ি চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা।

মোট দুর্ঘটনার ৪৪ দশমিক ৬৯ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০ দশমিক ৬৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ১৮ দশমিক ১০ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে।

দেশের গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল।

/জেএইচ/