শিরোনাম

‘সবচেয়ে শক্তিশালী’ এআই মডেল আনল অ্যানথ্রপিক

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
‘সবচেয়ে শক্তিশালী’ এআই মডেল আনল অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক তাদের অত্যাধুনিক এআই মডেল ‘ক্লড মিথোস ৫’এর সাধারণ ব্যবহারযোগ্য সংস্করণ উন্মুক্ত করেছে। তবে সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি এড়াতে নতুন মডেলটিতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যানথ্রপিক জানিয়েছে, সফটওয়্যার প্রকৌশল ও তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে উচ্চ দক্ষতাসম্পন্ন ‘ক্লড মিথোস ৫’ তাদের এখন পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী মডেলগুলোর একটি। এর আগে সীমিত পরিসরে ব্যবহৃত একটি পরীক্ষামূলক সংস্করণ সফটওয়্যারের ত্রুটি শনাক্তকরণে অসাধারণ সক্ষমতা দেখিয়ে প্রযুক্তি অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

গত এপ্রিলে অ্যানথ্রপিক দাবি করেছিল, তাদের ‘মিথোস’ প্রযুক্তি হাজার হাজার সফটওয়্যার দুর্বলতা বা ভলনারেবিলিটি শনাক্ত করতে সক্ষম। এ কারণে মডেলটির ব্যবহার তখন কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। ‘গ্লাসউইং’ নামে একটি বিশেষ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সংস্থাসহ প্রায় ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে এর ব্যবহার সীমাবদ্ধ রাখা হয়েছিল।

প্রতিষ্ঠানটির মতে, নতুন সংস্করণটি আরও বিস্তৃত ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে এআই খাতে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। বর্তমানে প্রায় ৯৬৫ বিলিয়ন ডলার মূল্যায়নের এই স্টার্টআপটি বৈশ্বিক এআই প্রতিযোগিতায় নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায়।

অ্যানথ্রপিক জানিয়েছে, ব্যবহারকারীরা যাতে বিভিন্ন কৌশলে নিরাপত্তা নীতিমালা এড়িয়ে নিষিদ্ধ বা ঝুঁকিপূর্ণ কাজ সম্পাদন করতে না পারেন, সে জন্য মডেলটির ওপর বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজমেন্ট, গবেষণা ও ল্যাবস বিভাগের প্রধান ডায়ান পেন বলেন, যদি কোনো ব্যবহারকারী নির্দিষ্ট সফটওয়্যার প্যাকেজ বা কোডের সাইবার দুর্বলতা শনাক্ত করার অনুরোধ করেন, তাহলে ‘মিথোস ৫’ সেই অনুরোধ গ্রহণ করবে না। পরিবর্তে অপেক্ষাকৃত সীমিত সক্ষমতার ‘ওপাস ৪.৮’ মডেল ব্যবহার করা হবে, যা এমন ধরনের বিশ্লেষণ করতে পারবে না।

তিনি বলেন, মডেলটির ব্যবহারমূল্য তুলনামূলক বেশি হলেও এটি কম টোকেন ব্যবহার করে দ্রুত কাজ সম্পন্ন করতে পারে। ফলে সামগ্রিক পরিচালন ব্যয় কমে আসে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য ১০ ডলার এবং প্রতি ১০ লাখ আউটপুট টোকেনের জন্য ৫০ ডলার নির্ধারণ করা হয়েছে।

ডায়ান পেন বলেন, ধাপে ধাপে নিরাপদ ও নিয়ন্ত্রিত উপায়ে আমাদের ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। যেসব গ্রাহক আগে ‘ক্লড মিথোস’-এর প্রিভিউ সংস্করণ ব্যবহার করছিলেন, তারা এখন নতুন ‘ক্লড মিথোস ৫’এ আপগ্রেড করার সুযোগ পাবেন।

/এসবি/