শিরোনাম

মরক্কোর সঙ্গে ড্রর পর ব্রাজিলজুড়ে ক্ষোভ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মরক্কোর সঙ্গে ড্রর পর ব্রাজিলজুড়ে ক্ষোভ
মরক্কোর বিপক্ষে ড্রতে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

ব্রাজিলের বিশ্বকাপটা শুরু হয়েছে হোঁচট খেয়ে। মরক্কোর কাছে পাঁচবারের চ্যাম্পিয়নরা অবশ্য হারেনি। কিন্তু ১–১ গোলের ড্রয়ে কি আর ব্রাজিলিয়ানদের মন ভরে! সেই ড্রটাও যদি ভালো আর সুন্দর ফুটবল খেলে আসত, তাহলেও হয়তো ব্রাজিলিয়ানরা মনকে সান্ত্বনা দিতে পারত। কিন্তু ১–১ ড্র ম্যাচে ৩২ মিনিটে ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলটি ছাড়া ব্রাজিলকে ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি। হলুদ জার্সি পরে না খেললে হয়তো ব্রাজিলকে চেনাই যেত না। দলের এমন বাজে খেলায় ক্ষুব্ধ দেশটির মানুষ। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’তে এক কলামিস্ট তো এটিকে ৭-১ গোলের সেই দুঃস্বপ্নের ম্যাচের প্রথমার্ধের সঙ্গে তুলনা করেছেন।

২০১৪ বিশ্বকাপের যে সেমিফাইনাল ম্যাচটি ব্রাজিলিয়ানরা ভুলে থাকতে চায়, জার্মানির বিপক্ষে সেই ম্যাচের প্রথমার্ধে ৫ গোল খেয়েছিল ব্রাজিল। এত গোল না খেলেও গতকালের (১৩ জুন) ম্যাচের সঙ্গে সেই ৭–১ গোলের ম্যাচের মিল খুঁজে পেয়েছেন কলামিস্ট ফার্নান্দো কালাস।

পরিসংখ্যান এমন কিছুই বলছে। ১৯৬৬ বিশ্বকাপের পর মরক্কো মাত্র দ্বিতীয় দল, যারা ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই ব্রাজিলের গোলে ৫টি শট নিতে পেরেছে। ওই সময় ব্রাজিলকে রীতিমতো দিশাহারা মনে হয়েছে।

ব্রাজিলের ছন্দহীন ফুটবল নিয়ে কালাস ‘গ্লোবো’তে লিখেছেন, ‘জার্মানির কাছে ৭-১ গোলের হারের পর বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বাজে ৪৫ মিনিট কেটেছে আজকের প্রথমার্ধে। এরপর ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছিল, তবে তা বদলি খেলোয়াড়দের হাত ধরে। ইবানিয়েজ, ইগর থিয়াগো ও কাসেমিরো খুবই জঘন্য খেলেছেন। আমার ধারণা, ইবানিয়েজ, ইগর পরের ম্যাচে দেখা যাবে না।’ এ ছাড়া রাফিনিয়াও ‘অটো চয়েস’ থাকবে কি না, প্রশ্ন তুলেছেন তিনি।

একই সংবাদমাধ্যমে আরেক কলামিস্ট গুস্তাভো পোলি দাবি করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এখনো সেরা একাদশই খুঁজে পাননি, ‘প্রথমার্ধের একাদশ একদমই কাজে আসেনি। ইবানিয়েজ, থিয়াগোর শুরুর একাদশে থাকা উচিত নয়। বল পায়ে না থাকলে থিয়াগো প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারেন, এই কারণেই তাকে নামানো হয়েছিল। কিন্তু তার মুভমেন্টে ঘাটতি ছিল এবং একমাত্র পাওয়া সুযোগটিও তিনি নষ্ট করেছেন।’

/আরএ/