শিরোনাম

বিশ্বকাপ মিশন শুরুর আগেই ক্যাম্প ছাড়লেন কাপালদো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ মিশন শুরুর আগেই ক্যাম্প ছাড়লেন কাপালদো
আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস কাপালদো।

বিশ্বকাপ মিশন শুরুর মাত্র ৩ দিন আগে আর্জেন্টিনা শিবির ছেড়েছেন ডিফেন্ডার নিকোলাস কাপালদো। আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা দল। ঠিক তখনই যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে থাকা দলের অনুশীলন ক্যাম্প থেকে বিদায় নিলেন জার্মান ক্লাব হামবুর্গের এ ফুটবলার। মূলত ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে ছিলেন না তিনি। বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি এবং হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তাকে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি।

একপর্যায়ে মূল দলে ডাক পাওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছিল কাপালদোর। ডান প্রান্তের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার নাহুয়েল মোলিনা ও গনসালো মনতিয়েলের চোটের কারণে তাকে বিকল্প হিসেবে ভাবা হয়েছিল। তবে দুজনেই দ্রুত সুস্থ হয়ে ওঠায় শেষ পর্যন্ত আর চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার। মূলত তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক ফুটবলের আবহ এবং জাতীয় দলের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে কাপালদোসহ ৭ জন অতিরিক্ত ফুটবলারকে যুক্তরাষ্ট্রে এনেছিলেন স্কালোনি। এ সফরে প্রস্তুতি ম্যাচগুলোর মধ্যে হন্ডুরাসের বিপক্ষে বদলি হিসেবে মাত্র আট মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন এ উইং-ব্যাক, আর আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাকে কাটাতে হয়েছে বেঞ্চে বসেই।

কাপালদো বিদায় নিলেও বাকি ৬ অতিরিক্ত সদস্য এখনও কানসাস সিটিতে দলের সাথেই অবস্থান করছেন এবং শনিবার (১৩ জুন) মূল অনুশীলনেও অংশ নিয়েছেন। এ দলে রয়েছেন রিভার প্লেটের সান্তিয়াগো বেলত্রান ও হোয়াকিন ফ্রেইতাস, বোকা জুনিয়র্সের তোমাস আরান্দা, রোসারিও সেন্ট্রালের ইগনাসিও ওভান্দো, পালমেইরাসের আগুস্তিন গিয়াই এবং ভেলেজ সার্সফিল্ডের ১৬ বছর বয়সী তরুণ লেফট-ব্যাক সিমোন এসকোবার। এদের মধ্যে একমাত্র এসকোবার ছাড়া বাকি সবারই ইতোমধ্যে জাতীয় দলে অভিষেক হয়ে গেছে। বুধবারের (১৭ জুন) মধ্যে বাকি পাঁচজনের নিজ নিজ ক্লাবে ফিরে যাওয়ার কথা থাকলেও, নিকোলাস তাগলিয়াফিকোর চোটজনিত সমস্যার কারণে ব্যাক-আপ হিসেবে এসকোবারকে কিছুটা বেশি সময় ক্যাম্পে রেখে দিতে পারেন কোচ।

/এমএকে/