শিরোনাম

ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
মিসৌরির কানসাস সিটিতে অনুশীলনে ইংল্যান্ড জাতীয় দলের সদস্যরা।

বিশ্বকাপ মিশন শুরুর আগে বড় ধাক্কা খায় ইংল্যান্ড দল। অনুশীলন ক্যাম্প থেকে স্থানান্তরের সময় তাদের প্রশিক্ষণ সামগ্রী চুরি হয়ে যায়। তবে এক দ্রুত অভিযানে দলটির চুরি হওয়া সব প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় টেক্সাসের সান আন্তোনিওর বাসিন্দা মুস্তাফা সালিক ও এরফান কামাল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মিসৌরির জ্যাকসন কাউন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে চোরাই মালামাল গ্রহণের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চুরি হওয়া সামগ্রীর বাজারমূল্য প্রায় ১৮ হাজার মার্কিন ডলার। উদ্ধারকৃত মালামালের তালিকায় রয়েছে নয় জোড়া ফুটবল বুট, গোলরক্ষকদের গ্লাভস, বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং অটোগ্রাফ সংবলিত ইংল্যান্ডের জার্সি। এই ঘটনার পর জ্যাকসন কাউন্টির প্রসিকিউটর মেলেসা জনসন জানিয়েছেন, বিশ্বকাপ উপলক্ষে আসা কোনো আন্তর্জাতিক দল কিংবা দর্শকদের নিরাপত্তা বিঘ্নিতকারী কোনো অপরাধ বরদাশত করা হবে না।

ইংলিশ দলটি ফ্লোরিডার অনুশীলন ক্যাম্প ছেড়ে কানসাস সিটির বেসক্যাম্পে পৌঁছানোর আগেই এ চুরির ঘটনাটি ঘটেছিল। পরে বিভিন্ন অঙ্গরাজ্যে সমন্বিত অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধার করা হয়। যাতায়াত ও ভৌগোলিক সুবিধার কারণে কানসাস সিটিকে নিজেদের মূল ঘাঁটি বানালেও সেখানে গ্রুপ পর্বের কোনো ম্যাচ খেলবে না থ্রি লায়ন্সরা। তবে এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাদের বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো প্রভাব পড়েনি বলে আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (১৭ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড।

/এমএকে/