শিরোনাম

পারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছি: কুবারসি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছি: কুবারসি
স্পেনের তারকা ডিফেন্ডার পাউ কুবারসি

রক্ষণভাগ ও গোলরক্ষকের সক্ষমতা নিয়ে টুর্নামেন্টের শুরু থেকে চলা সব নেতিবাচক মন্তব্যের মোক্ষম জবাব দিয়েছে স্পেন। শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর দলটির তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি জানিয়েছেন, মাঠের পারফরম্যান্স দিয়েই তারা সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন।

ডালাসে ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বার্সেলোনার এ ডিফেন্ডার দলের রক্ষণাত্মক কৌশলের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ফুটবলে ক্লিন শিট বা গোল না খাওয়াটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা দলকে ম্যাচ জিততে সবচেয়ে বেশি সাহায্য করে। তাদের রক্ষণভাগ ও গোলকিপারকে নিয়ে বাইরে অনেক কথা হলেও তারা মাঠের পারফরম্যান্সে সবাইকে ভুল প্রমাণ করেছেন। এ অসাধারণ কাজের কৃতিত্ব শুধু মূল একাদশের নয়, বরং বেঞ্চে থাকা ফুটবলারসহ পুরো স্কোয়াডের।

ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে বিদায় করে ফাইনালে পৌঁছাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন কুবারসি। পুরো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি জানান, ম্যাচটি যে কঠিন হবে তা তারা আগেই জানতেন। ফরাসি শিবিরে বিশ্বমানের তারকা থাকলেও স্প্যানিশ দলেও প্রতিভার কমতি ছিল না। পুরো ৯০ মিনিট তারা একটি পরিবারের মতো একে অপরকে মাঠে সাহায্য করেছেন এবং এই গৌরবময় অর্জনে তারা অত্যন্ত গর্বিত।

বিশ্বকাপের ফাইনালে খেলার অনুভূতিকে নিজের জীবনের অন্যতম সেরা স্বপ্নপূরণ হিসেবে দেখছেন এ তরুণ। তিনি জানান, ভেতরে ভেতরে আনন্দিত হলেও মানসিকভাবে তিনি বেশ শান্ত আছেন এবং ড্রেসিংরুমে সতীর্থ ও পরিবারের সঙ্গে এ বিশেষ মুহূর্তটি উদযাপন করছেন। তাদের সমর্থন ছাড়া এত দূর আসা সম্ভব হতো না বলেও উল্লেখ করেন এ তারকা ডিফেন্ডার। কুবারসি জানান, এখন তাদের একমাত্র লক্ষ্য শিরোপা জেতা। তবে ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড- কাকে প্রতিপক্ষ হিসেবে চান, এমন প্রশ্নে নিরপেক্ষ অবস্থান নিয়েছেন তিনি। কুবারসি জানান, ফাইনালে যে দলই আসুক না কেন, তাদের স্বাগত জানাতে স্পেন প্রস্তুত। আপাতত দীর্ঘ ভ্রমণ শেষে বিশ্রাম নিয়ে ফাইনালের চূড়ান্ত প্রতিপক্ষের কৌশলের দিকেই চোখ রাখছে আত্মবিশ্বাসী স্পেন।

/এমএকে/