শিরোনাম

‘ফ্রান্স সেরা, কিন্তু আমরা বিশ্বসেরা’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘ফ্রান্স সেরা, কিন্তু আমরা বিশ্বসেরা’
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে

সেমিফাইনালের গুরুত্বপূর্ণ মঞ্চে স্পেনের মুখোমুখি হলেই প্রতিপক্ষের থমকে যাওয়ার রহস্যটা ঠিক কী- মানসিক কোনো জুজু নাকি মাঠের কৌশলগত ব্যর্থতা, এ নিয়ে ফুটবলপ্রেমীদের জল্পনা-কল্পনার শেষ নেই। তবে প্রতিপক্ষের সেই গোলকধাঁধার সমাধান না মিললেও, স্প্যানিশ ফুটবল দলের এ চোখধাঁধানো সাফল্যের নেপথ্য রসায়ন এবার নিজেই উন্মোচন করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত এক জয়ের পর তিনি জানিয়েছেন, তার দলের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রার মূলে রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, গভীর বিশ্বাস এবং ফুটবলারদের অসাধারণ আত্মত্যাগ।

ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্পেনের এ মাস্টারমাইন্ড বলেন, প্রায় চার বছর আগে তারা একটি সুনির্দিষ্ট দর্শন ও লক্ষ্য সামনে রেখে পথচলা শুরু করেছিলেন। দীর্ঘ এ যাত্রায় শত প্রতিকূলতার মাঝেও তারা নিজেদের সেই মূল পরিকল্পনা থেকে এক চুলও নড়েননি। মূলত সেই অবিচল বিশ্বাসের হাত ধরেই আজ দল এই গৌরবময় অবস্থানে পৌঁছেছে। প্রতিপক্ষ ফ্রান্সের শক্তির প্রশংসা করতে গিয়েও স্প্যানিশ বস নিজের আত্মবিশ্বাসের জানান দিতে ভুল করেননি। তিনি বলেন, তারা সেদিন মাঠের লড়াইয়ে নেমেছিলেন বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে, কিন্তু ফরাসিদের দুর্ভাগ্য যে তাদের খেলতে হয়েছিল বিশ্বের সেরা দলটির বিরুদ্ধে। আর ঠিক এই জায়গাতেই গড়ে উঠেছে আসল ব্যবধান।

নিজের শিষ্যদের প্রশংসায় ভাসিয়ে দে লা ফুয়েন্তে গর্বের সঙ্গে জানান, এ স্কোয়াডের প্রতিটি খেলোয়াড় সব ধরনের সাফল্যের যোগ্য। মাঠ এবং মাঠের বাইরে প্রতিদিন তারা নিজেদের অটুট প্রতিশ্রুতি, অনন্য একতা, উদারতা এবং ফুটবলীয় প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। কোচের মতে, তাদের সবচেয়ে বড় গুণ হলো, তারা মাঠের যেকোনো কঠিন কাজকেও অবিশ্বাস্য রকমের সহজ করে তুলতে পারেন। মূলত খেলোয়াড়দের এই ক্লান্তিহীন নিবেদন ও পারফরম্যান্সই বর্তমান স্পেনকে অপরাজেয় এক দলে পরিণত করেছে।

/এমএকে/