শিরোনাম

স্পেনকে ভয় পাওয়া উচিত ফ্রান্সের: ইয়ামাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
স্পেনকে ভয় পাওয়া উচিত ফ্রান্সের: ইয়ামাল
স্পেনের উইঙ্গার তারকা লামিনে ইয়ামাল

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় টেক্সাসের আর্লিংটনে ম্যাচটি শুরু হবে। এ হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগে কথার যুদ্ধে উত্তাপ ছড়িয়েছেন স্প্যানিশ বিস্ময়বালক লামিনে ইয়ামাল। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করার পর ফরাসিদের সরাসরি হুঙ্কার দিয়ে এই তরুণ উইঙ্গার। ইয়ামাল বলেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেনকেই পাওয়া উচিত।

সোমবার (১৩ জুলাই) ১৯ বছরে পা দিতে যাওয়া ইয়ামাল বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই মনে করিয়ে দিয়েছেন, বিগত বড় টুর্নামেন্টগুলোতে ফ্রান্সকে টানা দুইবার হারিয়েছে স্পেন। তাই এবারের আসরেও তাদের মনে কোনো ভীতি নেই। ইয়ামালের মতে, চলমান বিশ্বকাপে প্রতিপক্ষ দলগুলো স্পেনের মুখোমুখি হলে তাদের স্বাভাবিক খেলা ভুলে অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল বেছে নেয়। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফেরা এ তারকা জানান, প্রতিপক্ষের এমন কৌশলের কারণে নিজের চেনা ছন্দ পুরোপুরি দেখাতে না পারলেও দলের জয় এবং ফাইনালে ওঠাই এখন তার একমাত্র লক্ষ্য। ইয়ামালের এই আত্মবিশ্বাসের পেছনে কাজ করছে সাম্প্রতিক ইতিহাসও। কারণ ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং ২০২৫ উয়েফা নেশনস লিগের লড়াই—উভয় আসরেই ফ্রান্সের বিপক্ষে শেষ হাসি হেসেছিল স্পেন।

২০১০ সালের পর এটি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ সেমিফাইনাল, অন্যদিকে ফ্রান্সের সামনে সুযোগ রয়েছে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার। তবে এবারের আসরে স্পেনের যাত্রাটা খুব একটা সহজ ছিল না। কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করার পর সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে তারা নকআউট পর্বে আসে। এরপর অস্ট্রিয়া ও বেলজিয়ামের বাধা পেরিয়ে সেমিফাইনালের টিকিট কাটে স্প্যানিশরা। হাইভোল্টেজ এ ম্যাচটি নিয়ে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রতিপক্ষের শক্তিকে সমীহ করলেও নিজের শিষ্যদের ওপর পূর্ণ আস্থা রাখছেন। তিনি জানিয়েছেন, ফ্রান্স অত্যন্ত শক্তিশালী দল হলেও তাদের হারানোর সামর্থ্য স্পেনের রয়েছে এবং ফাইনালে যেতে হলে মাঠের লড়াইয়ে নিজেদের সেরা ফুটবলটাই উজাড় করে দিতে হবে।

/এমএকে/