আফগান সীমান্তে পাকিস্তানের হামলা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
 আফগান সীমান্তে পাকিস্তানের হামলা
দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আড্ডায় আফগান পাক্তিকা প্রদেশ সীমান্তে বেড়ার পাশে পাকিস্তানি সেনারা পাহারা দিচ্ছেন

পাক-আফগান সীমান্তে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। দক্ষিণ ওয়াজিরিস্তান ও পারাচিনার সংলগ্ন এলাকায় আফগান তালেবানের বেশ কয়েকটি চৌকি ও সামরিক অবস্থান ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী। রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও পাকিস্তানের দেওয়া নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আঙ্গুর আড্ডা এলাকায় কোনো উসকানি ছাড়াই পাকিস্তানের সীমান্ত লক্ষ্য করে গুলি চালায় আফগান তালেবান। ভারী অস্ত্র ব্যবহার করে তাৎক্ষণিক পাল্টা জবাব দেয় পাকিস্তান, ফলে তালেবান সদস্যরা তাদের ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয়। এ সামরিক অভিযানে আফগান তালেবান সরকারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিরক্ষা ও জনগণের সুরক্ষায় তারা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। মূলত বারবার আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ এবং বিভিন্ন নিরাপত্তা উদ্বেগের কারণেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্কে এ দীর্ঘ টানাপোড়েন চলে আসছে।

এর আগে ইসলামাবাদ বারবার আফগান তালেবান প্রশাসনকে আহ্বান জানিয়েছে, যেন তারা সন্ত্রাসী সংগঠনগুলোকে, বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি), পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করা থেকে বিরত রাখে। তবে কাবুল এ দাবিগুলো বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

/এমএকে/