শিরোনাম

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার
ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথরিন সৌজা। ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথলিন সৌজা বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসর নারী দলের নেতৃত্বে আছেন। ব্রাজিলিয়ান এ নারী ফুটবলার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উমরাহও করেছেন।

আল-নাসর নারী দল তাদের অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মে ক্যাথলিনের একটি ভিডিও পোস্ট করে লিখেছে, ‘আমরা ক্যাথলিন সৌজার ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণার মাধ্যমে তার জীবনের একটি বিশেষ মুহূর্ত শেয়ার করছি। তার হৃদয়কে শান্তি ও প্রশান্তিতে ভরে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।’

ভিডিও চলাকালে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি, আবেগ প্রকাশ করে বলেন, ‘আমি কেবল সঠিক পথ খুঁজে পেতে এবং নিজের উন্নত সংস্করণ হওয়ার চেষ্টা করছিলাম, এটুকুই।’

ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মক্কা ভ্রমণ ও ওমরাহ পালনের ছবি পোস্ট করে সৌজা লেখেন, ‘ছোট ছোট পদক্ষেপ, সঠিক পথ খুঁজে পাওয়া, পরিবর্তন খোঁজা, জীবনের উপহারের জন্য কৃতজ্ঞ।’

ক্যাথলিন সৌজার বয়স ২৯ বছর, তিনি ব্রাজিলের সাও পাওলো রাজ্যের সাও ভিসেন্টে জন্মগ্রহণ করেন এবং ব্রাজিল নারী জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন। ব্রাজিলিয়ান এ ফুটবলার, ইন্তার মিলানের হয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেছেন। ২০২৪ সালের আগস্টে তিনি সৌদি আরবের আল নাসর নারী দলে যোগ দেন।

/টিই/