শিরোনাম

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি
ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ইরান কেবল বিশ্বকাপেই অংশ নিচ্ছে না, বরং তাদের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে তিনি এ ঘোষণা দেন। এর মাধ্যমে আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সব সংশয়ের ইতি ঘটলো।

বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এরপর একই ভেন্যুতে ২১ জুন শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে মিসরের মোকাবেলা করবে দলটি। লস অ্যাঞ্জেলেসে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়া বাড়তি উন্মাদনার জন্ম দিয়েছে, কেননা মধ্যপ্রাচ্যের বাইরে সেখানেই সবচেয়ে বেশি ইরানি প্রবাসীর বসবাস।

তবে মাঠের এ রোমাঞ্চের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনার আঁচও টুর্নামেন্টে পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যেই ফিফা কংগ্রেসে যোগ দিতে যাওয়ার সময় কানাডা সীমান্তে ইরান ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) সভাপতি মেহদি তাজসহ অন্যান্য ইরানি কর্মকর্তাদের প্রবেশে বাধা দেওয়ার ঘটনা পরিস্থিতিকে কিছুটা ঘোলাটে করেছে। এ প্রসঙ্গে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজক দেশগুলোর নিজস্ব সীমান্ত ও ভিসা নীতির ওপর তাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে রাজনৈতিক এ টানাপড়েনের মধ্যেও যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের বিশ্বকাপ যাত্রা কেমন হয়, সেদিকেই এখন নজর পুরো ফুটবল বিশ্বের।

/এমএকে/