শিরোনাম

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই

সিটিজেন ডেস্ক
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই
এসআই রাকিবুল হাসান সরকার। ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হওয়ার পর থেকেই তার আর কোনো হদিস মিলছে না। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ তাকে উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ দেওয়ার কথা থাকলেও রাকিবুল হাসান তা না করে ব্যারাক থেকে বেরিয়ে যান। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজ এ পুলিশ কর্মকর্তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে, তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। শারীরিক বর্ণনায় জানা গেছে, রাকিবুলের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে পুলিশ জানতে পেরেছে, এর আগেও তিনি কয়েকবার এভাবে নিখোঁজ হয়েছিলেন। তবে রাকিবুলের স্ত্রীর দাবি অনুযায়ী, তাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক বিরোধ ছিল না এবং স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো ছিল। বর্তমানে কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়ে তার সন্ধান চাওয়া হয়েছে। কোনো ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকলে দ্রুত নিকটস্থ থানায় জানানোর জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে।

/এমএকে/