শিরোনাম

১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমতি দিলো সরকার

সিটিজেন ডেস্ক
১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমতি দিলো সরকার
ছবি: সংগৃহীত

দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে ১ লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। মাজদা অয়েল কোং লিমিটেড থেকে কেনা হবে এই ডিজেল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

এই ক্রয় প্রস্তাবটি উত্থাপন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এই আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা। জরুরি অবস্থা বিবেচনায় দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সরাসরি আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির মাধ্যমে এই ডিজেল কেনার সুপারিশ করেছে কমিটি।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে তেহরান। ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ কমে গেছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ভিয়েতনামে। এমন প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: বাসস

/জেএইচ/