শিরোনাম

বন্ধুত্বপূর্ণ ১১ দেশ নিয়ে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

সিটিজেন ডেস্ক
বন্ধুত্বপূর্ণ ১১ দেশ নিয়ে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ
ভারতীয় সেনাবাহিনী। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বন্ধুত্বপূর্ণ ১১ দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করছে ভারতীয় সেনাবাহিনী। তবে এই তালিকায় নেই প্রতিবেশি বাংলাদেশের নাম।

শুক্রবার (১ মে) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ থেকে ৩১ মে পর্যন্ত মেঘালয়ের উমরোইতে অবস্থিত ফরেন ট্রেনিং নোডে ‘প্রগতি’ নামে এই মহড়া চালানো হবে।

মহড়ার লক্ষ্য হলো অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক আস্থা গড়ে তোলা।

মহড়ায় অংশ নিতে যাওয়া দেশগুলো হলো– লাওস, মিয়ানমার, সেশেলস, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ভুটান।

এই মহড়ার মূল লক্ষ্য হলো সন্ত্রাস ও বিদ্রোহ দমন অভিযান, যৌথ প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা কূটনীতি জোরদার করা। এটি নয়াদিল্লি ও ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার অংশ।

ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অতীতে ভারত যেখানে ১-২টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সামরিক মহড়া করত, সেখানে এবার একসঙ্গে ১১ দেশের সঙ্গে সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে ভারতের সামরিক বাহিনী এশিয়ার বিভিন্ন সামরিক শক্তির সঙ্গে কনসোর্টিয়াম- ধরনের সংযুক্তি চাইছে।

সামরিক মহড়া ছাড়াও এই আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো দুই দিনব্যাপী শিল্প প্রদর্শনী। যা ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা তুলে ধরে আসিয়ান দেশগুলোর সঙ্গে শিল্প অংশীদারিত্ব বাড়াবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই প্রদর্শনীর মাধ্যমে ভারত অস্ত্র রপ্তানির জন্য বাজার ধরতে চাইছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/