শিরোনাম

নতুন ভূমিকায় ফরাসি তারকা এমবাপ্পে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নতুন ভূমিকায় ফরাসি তারকা এমবাপ্পে
ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

সেনেগালকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করা ফ্রান্স এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হতে যাচ্ছে। তবে এ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সম্পূর্ণ ভিন্ন এক রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন ফরাসি শিবিরের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। মাঠের চিরচেনা ফরোয়ার্ড পজিশন ছেড়ে দলের অনুশীলনে এবার তাকে দেখা গেছে একজন ভিডিও বিশ্লেষকের ভূমিকায়।

আসন্ন ম্যাচের প্রস্তুতি হিসেবে মূল একাদশের বাইরে থাকা ফুটবলারদের নিয়ে বিশেষ এক অনুশীলন সেশনের আয়োজন করেছিল গত আসরের ফাইনালিস্টরা। সতীর্থদের সেই ট্যাকটিক্যাল মুভমেন্ট ও গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে এমবাপ্পেকে দেখা যায় মাঠের উঁচুতে অবস্থিত একটি মাচায়। ফরাসি ফরোয়ার্ডের এমন কাণ্ড দেখে রসিকতা করতে ছাড়েননি দায়িত্বরত এক ক্যামেরাম্যান। তাকে সরাসরি দলের ‘চতুর্থ ভিডিও বিশ্লেষক’ হিসেবে আখ্যা দেন তিনি। তবে মজার ছলে দেওয়া সেই মন্তব্যের জবাবে রিয়াল তারকা জানান, সতীর্থদের খেলার ধরন এবং মাঠের কৌশল আরও নিখুঁতভাবে পরখ করার জন্যই তার এ অবস্থান।

উঁচু মাচা থেকে অনুশীলন পর্যবেক্ষণের যৌক্তিকতা তুলে ধরে এমবাপ্পে বলেন, মাঠের সমতল থেকে অনেক সময় সতীর্থদের সঠিক অবস্থান বা ভুলত্রুটিগুলো স্পষ্ট বোঝা যায় না। দলের খেলোয়াড়দের নিখুঁত মুভমেন্ট দেখে নিজে নতুন কিছু শেখার আগ্রহ থেকেই তিনি এ অভিনব পন্থা বেছে নিয়েছেন। চলমান বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা এমবাপ্পে সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচেই জোড়া গোল করেন। এর মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৪-তে নিয়ে যাওয়ার পাশাপাশি ফ্রান্সের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন তিনি। বাংলাদেশ সময় ২২ জুন (সোমবার) রাত ৩টায় ইরাকের বিপক্ষে মাঠে নামবে দিদিয়ের দেশমের শিষ্যরা।

/এমএকে/