শিরোনাম

প্রথম ম্যাচে ইয়ামালের খেলা নিয়ে যা বললেন কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রথম ম্যাচে ইয়ামালের খেলা নিয়ে যা বললেন কোচ
লামিনে ইয়ামাল।

নিজেদের বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগে বড় স্বস্তি ফিরেছে স্পেন শিবিরে। তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে নিয়ে যে ইনজুরির দুশ্চিন্তা ছিল, তা কাটিয়ে তিনি এখন পুরোপুরি ফিট। তবে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচেই বার্সেলোনা তারকাকে শুরুর একাদশে দেখা যাবে কি না, তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে।

২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন ইয়ামাল। এরপর থেকেই বিশ্বমঞ্চে তার অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে স্পেনের মেডিকেল টিমের অধীনে নিবিড় পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে অবশেষে মাঠে ফেরার সবুজ সংকেত পেয়েছেন তিনি। গত সপ্তাহে মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে বিশ্রামে রাখা হলেও, বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে বেশ স্বস্তিতে রয়েছে দলের কোচিং স্টাফ।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালের বর্তমান পরিস্থিতি নিশ্চিত করে বলেন, ‘ভালো খবর হলো লামিন এখন একদম নিখুঁত শারীরিক অবস্থায় আছে। আমরা তাকে ঠিক যেভাবে দেখতে চেয়েছিলাম, সে এখন সেই অবস্থাতেই পৌঁছেছে।’ কোচের মতে, ইয়ামালের পাশাপাশি নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনোজও খেলার জন্য পুরোপুরি প্রস্তুত, তবে তাদের ম্যাচ ফিটনেসের কথা বিবেচনা করে হয়তো পুরো ৯০ মিনিট খেলানো হবে না।

চিকিৎসকরা ইয়ামালকে সোমবার (১৫ জুন) ম্যাচে মাঠে নামার অনুমতি দিলেও দীর্ঘ বিরতির পর এ তারকাকে নিয়ে কোনো ধরনের বাড়তি ঝুঁকি নিতে রাজি নয় স্প্যানিশ শিবির। সবকিছু ঠিক থাকলে কেপ ভার্দের বিপক্ষে তাকে মাঠের লড়াইয়ে দেখা যেতে পারে। তবে শুরু থেকেই তাকে খেলানোর চেয়ে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদলি হিসেবে নামিয়ে ধীরে ধীরে প্রতিযোগিতামূলক ফুটবলের ছন্দে ফেরানোর পথেই হাঁটছে স্পেন।

/এমএকে/