শিরোনাম

কুরাসাওকে উড়িয়ে ব্রাজিলের রেকর্ড ভাঙলো জার্মানি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কুরাসাওকে উড়িয়ে ব্রাজিলের রেকর্ড ভাঙলো জার্মানি
গোলের পর উদযাপনে মেতে ওঠেন জার্মানি।

গত দুই বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বের ব্যর্থতা ভুলে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে জার্মানি। কুরাসাওকে ৭–১ গোলে বিধ্বস্ত করার ম্যাচে বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি গোলের কীর্তিও এখন চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের দখলে।

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাসাওয়ের বিপক্ষে এ গোল উৎসবের পর বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩৯। এতদিন ২৩৮ গোল নিয়ে এই তালিকার চূড়ায় বসে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা সেই কীর্তি ভেঙে নিজেদের শীর্ষস্থান পাকা করেছে। ১৫২ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা।

রেকর্ড গড়ার ম্যাচে জার্মানির হয়ে গোল উৎসবে মাতেন ৬ ফুটবলার। ম্যাচের শুরুতেই ফেলিক্স এনমেচার সুবাদে লিড নেয় জার্মানি। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা কুরাসাও দ্রুতই ঘুরে দাঁড়ায়। ২১ মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফেরে তারা। অবশ্য নবাগতদের সেই প্রতিরোধ বেশিক্ষণ টেকেনি। ৩৮ মিনিটে নিকো শ্লটারবেকের চমৎকার হেডে আবারও এগিয়ে যায় জার্মানি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান ৩–১ করেন কাই হাভার্টজ।

বিরতির পর ম্যাচটি পুরোপুরি একপেশে হয়ে পড়ে। ৫২ মিনিটে জামাল মুসিয়ালার গোলের পর স্কোরবোর্ডে নাম লেখান নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উনদাভ। ম্যাচের শেষ দিকে কাই হাভার্টজ নিজের দ্বিতীয় গোলটি করলে জার্মানির ৭–১ গোলের বড় জয় নিশ্চিত হয়। শুরুতেই কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত বিধ্বংসী জার্মান আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয় কুরাসাওকে। আর এইদাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়েই বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের এক নতুন অধ্যায় লেখে জার্মানি।

/এমএকে/