শিরোনাম

বিশ্বকাপে না থেকেও পূর্ণ পারিশ্রমিক পাবে নিষিদ্ধ রেফারি আরতান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে না থেকেও পূর্ণ পারিশ্রমিক পাবে নিষিদ্ধ রেফারি আরতান
সোমালিয়ান রেফারি ওমর আরতান।

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না মেলায় চলতি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার স্বপ্নভঙ্গ হয়েছে সোমালিয়ান রেফারি ওমর আরতানের। তবে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের কারণে অনাকাঙ্ক্ষিত ই পরিস্থিতির শিকার হলেও আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) পক্ষ থেকে টুর্নামেন্টের পুরো পারিশ্রমিকই পেতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এ রেফারি। ম্যাচ পরিচালনা করতে না পারলেও ফিফা তাকে নির্ধারিত সম্মানি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সম্প্রতি মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আরতানকে টানা ১১ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তার কূটনৈতিক পাসপোর্ট ও মার্কিন ভিসা বাতিল করে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মার্কিন সরকারের একজন কর্মকর্তা দাবি করেছেন, একটি সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে কথিত যোগাযোগের অভিযোগে তাকে প্রবেশাধিকার দেওয়া হয়নি। অবশ্য আরতান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান, কর্মকর্তারা তাকে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু ওই সংগঠন সম্পর্কে তার কোনো ধারণাই নেই। প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র ও সঠিক ভিসা থাকার পরও কেবল একজন রেফারি হিসেবে নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করতে এসে এভাবে ফিরে যেতে হওয়ায় তিনি চরম হতাশা প্রকাশ করেছেন।

মিয়ামি বিমানবন্দর থেকে পরবর্তীতে আরতানকে তুরস্কগামী একটি বিমানে তুলে দেওয়া হয়, যেখানে ইস্তাম্বুলে ফিফার কর্মকর্তারা তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। সেখান থেকে তিনি নিজের দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ফিরে যান। নিজ দেশে ফেরার পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দেশবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে আরতান সবাইকে ধন্যবাদ জানান এবং ২০৩০ বিশ্বকাপে রেফারিং করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিবিসি স্পোর্টের তথ্যমতে, বিশ্বকাপে সাধারণত টুর্নামেন্ট শেষ হওয়ার আগে রেফারিরা চূড়ান্ত পারিশ্রমিকের পরিমাণ জানতে পারেন না এবং প্রতিযোগিতা শেষেই অর্থ পরিশোধ করা হয়। তবে আরতানের ক্ষেত্রে পুরো অর্থ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

সোমালিয়ার ইতিহাসে প্রথম রেফারি হিসেবে মহাদেশীয় ফাইনাল পরিচালনার গৌরব অর্জন করা আরতানের জন্য ২০২৫ সালটি ছিল অত্যন্ত স্মরণীয়। ওই বছর তিনি কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)-এর বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হন এবং আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ পরিচালনা করেন। এর আগে চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং আফ্রিকা কাপ অব নেশনসেও তিনি সফলভাবে রেফারিং করেছিলেন। বিশ্বকাপে অংশ নিতে না পারলেও আন্তর্জাতিক ফুটবলে তার দক্ষতার বড় স্বীকৃতি মিলেছে উয়েফায়। ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে অনুষ্ঠিতব্য পিএসজি ও অ্যাস্টন ভিলার মধ্যকার উয়েফা সুপার কাপের হাইভোল্টেজ ম্যাচে রেফারিং করার আমন্ত্রণ পেয়েছেন এ সোমালি তারকা।

/এমএকে/