শিরোনাম

বিশ্বকাপে রেকর্ডগড়া জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে রেকর্ডগড়া জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ
৩৪ বলে ৮৫ রান করা হেটমায়ার হন ম্যাচসেরা। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১০৩ রানে ৯ উইকেট হারানো জিম্বাবুয়ে ১৪৭ পর্যন্ত যেতে পারে দশম উইকেটে রেকর্ড জুটির সৌজন্যে।

তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে সবচেয়ে বড় ব্যবধানের জয় পেলো ক্যারিবিয়ানরা। গ্রুপ পর্বের ম্যাচে ওমানকে ১০৫ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। সেটি ছিল সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।

২৫৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ও ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ দলীয় স্কোর।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে পাওয়ার প্লেতে দুই ওপেনারের বিদায়ের পর ব্যাট হাতে তাণ্ডব চালালেন শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়াল। তাদের বিস্ফোরক জুটির পর শেষ দিকের কয়েকটি ক্যামিওতে ওয়েস্ট ইন্ডিজ গড়ল বিশাল সংগ্রহ। সেই চ্যালেঞ্জে মুখ থুবড়ে পড়ল জিম্বাবুয়ের ব্যাটিং।

তিন নম্বরে নেমে সাতটি করে চার ও ছক্কায় ৩৪ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের নায়ক শিমরন হেটমায়ার।

১৯ বলে পঞ্চাশ ছুঁয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির নিজের রেকর্ডই ভেঙে দেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ম্যাচসেরার স্বীকৃতিও পান তিনিই।

চারটি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৫৯ রান করেন পাওয়েল। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৫২ বলে ১২২ রানের জুটি।

আর জবাব দিতে নেমে জিম্বাবুয়ের হয়ে ত্রিশ ছাড়াতে পারেন কেবল একজন। পাঁচ ছক্কা ও দুই চারে ২১ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ব্র্যাড ইভান্স।

/টিই/