শিরোনাম

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর
নির্বাচন ভবন। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আসনটিতে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, আর বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। আর প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর।

এর আগে, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ওইদিন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী সেদিন থেকে আসনটি শূন্য হয়েছে।

সংবিধান অনুযায়ী, কোনো সংসদীয় আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন দিতে হয়।

/জেএইচ/